সকালে বিতরণের পর রাতেই মারা গেলো এফসিডিআই প্রকল্পের ছাগল

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কাছ থেকে ছাগল নিচ্ছেন একজন খুলনার ডুমুরিয়া উপজেলায় দুস্থদের মধ্যে শনিবার (৩০ জুলাই) সকালে ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করা হয়। বিতরণ করা ছাগলের মধ্যে রাতেই একটি ছাগলের মৃত্যু হয়। আরও বেশ কিছু ছাগল অসুস্থ অবস্থায় রয়েছে। অভিযোগ উঠেছে রোগাক্রান্ত থাকার কারণে ছাগলটির মৃত্যু হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের (এফসিডিআই) আওতায় জেলা প্রাণিসম্পদ অধিদফতর দুস্থদের মধ্যে এসব প্রাণি বিতরণ করে।

জানা গেছে, জেলা প্রাণিসম্পদ অধিদফতর ডুমুরিয়া, বটিয়াঘাটা, দিঘলিয়া ও রূপসা উপজেলায় এফসিডিআই প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি বিতরণ করছে। এর অংশ হিসাবে শনিবার ডুমুরিয়া উপজেলার ২৪টি পরিবারের মধ্যে একটি করে ছাগল, ১৮টি পরিবারের মধ্যে ৭টি করে মুরগি ও ১৫টি পরিবারের মধ্যে ৭টি করে হাঁস বিতরণ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছাগল প্রাপ্তদের একজন জুলফিকার আলী ঢালী। তিনি ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বাবর আলী ঢালীর ছেলে। জুলফিকার বলেন, ছাগলটি খুবই রোগাক্রান্ত ছিল এবং অসুস্থ হয়ে রাতেই মারা যায়।

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, জেলা অফিসের তত্ত্বাবধানে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, এফসিডিআই প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, যার ছাগল মারা গেছে অন্য কোনও প্রকল্প থেকে তাকে আবারও ছাগল দেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, এফসিডিআই প্রকল্পের দেওয়া কোনও ছাগল মারা গেলে তদন্ত করে দায়ীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/