যশোরের অভয়নগর উপজেলার টেকা নদীকে অবৈধ দখলমুক্ত করার জন্য রবিবার (৩০ জুলাই) দুপুর ১২টার থেকে অভিযান পরিচালনা করা হয়। অভয়নগর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মনদীপ ঘরাই এ অভিযান পরিচালনা করেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব, পিআইও রিজিবুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন খালকে অবৈধ দখলমুক্ত করার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে প্রায় তিন লাখ টাকা মূল্যের জাল উদ্ধার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও।
এ সময় উপস্থিত বারান্দি গ্রামের বাসিন্দা রিপন হোসেন বলেন,‘এ নদীতে আমার জীবনে এত বড় অভিযান দেখি নাই।’
স্থানীয় বাসিন্দা ওয়ারিস হোসেন বলেন, ‘নেট পাটা অপসারণ হয়ে খুব ভালো হয়েছে। এতে পানি দ্রুত নামবে। এর ফলে সামনের দিনগুলোতে কষ্ট কম হবে।’
অভিযান সম্পর্কে ভারপ্রাপ্ত ইউএনও মনদীপ ঘরাই বলেন,‘গত এক সপ্তাহ বন্যাকবলিত সব এলাকায় এ ধরণের অভিযান করেছি। তবে আজকের অভিযান সবচেয়ে কার্যকর হবে বলে মনে করছি। সবাই শুধু বলত এ নদীতে অভিযান করা সহজ হবে না। আজ নদীর অভয়নগর অংশ মুক্ত করেছি।তবে নজরদারি অব্যাহত থাকবে।’
/জেবি/
আরও পড়তে পারেন: বন্দরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার