নড়াইল-যশোর-খুলনাসহ জেলার আটটি রুটে সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। নড়াইল জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্যা (৪৮) এবং যশোর-নড়াইল সড়কের লাইন সম্পাদক বাবুল মোল্যার (৫২) ওপর হামলার প্রতিবাদে বাস মালিক সমিতির নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন অফিসগামী লোকজন, স্কুল-কলেজগামী শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ যাত্রীসাধারণ।
নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, হাইওয়ে সড়কে ইজিবাইক, নসিমন-করিমন, জেএসএসহ তিন চাকার গাড়ি চলাচলে বাঁধা দেওয়ার অভিযোগে সোমবার দুপুরে নড়াইল-যশোর সড়কের সীমাখালী-মালিবাগ মোড়ে কয়েকজন দুর্বৃত্ত আব্দুর রশিদ ও বাবুল মোল্যার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এ হামলার প্রতিবাদে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় মালিক সমিতির কার্যালয়ে সোমবার সন্ধ্যায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহুরুল হকসহ বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক বলেন, ‘জেএসএসহ ইঞ্জিনচালিত তিনচাকার গাড়ি চলাচলে বাধা দেওয়ায় নড়াইল-যশোর সড়কের সীমাখালী-মালিবাগ মোড়ে ৮ থেকে ১০ জন উচ্ছৃংখল যুবক আমাদের নেতাদের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে যথাযথ বিচার না করা পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে।’
/জেবি/
আরও পড়তে পারবেন: দিনমজুরকে একঘরে করে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের খুঁজে বের করার নির্দেশ