ডাকাতি মামলার আসামি ছিনতাই: ইউপি চেয়ারম্যানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলনড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। ইতনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হাসান টগরসহ ৮০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। সোমবার (৭ আগস্ট) দুপুরে লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সজল সাহার বাড়িতে ডাকাতির ঘটনায় গত ৬ জুলাই লোহাগড়া থানায় মামলা হয়। এ মামলার আসামি ইতনা গ্রামের বাবর আলীকে সম্প্রতি পুলিশ গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় বাবরের স্বীকারোক্তি অনুযায়ী ইতনা গ্রামের তবি শেখকে (৫০) রবিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে ওই ইতনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবিকে থানায় নিয়ে আসার পথিমধ্যে ইতনা চৌরাস্তা এলাকায় ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, ইতনা গ্রামের বাসিন্দা সামু সরদারসহ ৭০-৮০ জন চেয়ারম্যান সমর্থক লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মনিরুল ইসলামসহ পুলিশের চার সদস্যকে বাধা দেন। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তবিকে ছিনিয়ে নেওয়া হয়। তবে, তবি শেখকে সোমবার (৭ আগস্ট) ভোরে ইতনা এলাকা থেকে আবার গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চেয়ারম্যান নাজমুল হাসানসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/