দর্শনা রেলবন্দরে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান

দুর্যোগ ও অন্যান্য সংকট মোকাবিলায় এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান দর্শনা আন্তর্জাতিক বন্দরে এসে পৌঁছেছে। গত ১৮ দিনে ৯টি ভারতীয় মালবাহী ট্রেন প্রায় ১০ হাজার ৯৮৮ মেট্রিক টন চাল বন্দরে নিয়ে আসে।

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ভারত থেকে আসা মালবাহী ট্রেন (ফাইল ছবি)সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাদ্য সংকট মোকাবিলায় সরকারিভাবে ভারত থেকে প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়। সে মোতাবেক গত ২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ভারতের কলকাতা থেকে ১০ হাজার ৯৮৮ মেট্রিক টন চাল নিয়ে দর্শনা বন্দরে প্রথম চালানটি পৌঁছায়। পরে খাদ্য অধিদফতরের কর্মকর্তারা বন্দরে থাকা আমদানিকৃত চালের নমুনা ও চালের গুণগত মান পরীক্ষা করে দেশের জেলা ও বিভাগীয় শহরে পাঠানোর অনুমতি দেন।

শুক্রবার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার মো. লিয়াকত হোসেন জানান, আমদানিকৃত ভারতীয় চাল দর্শনা বন্দরে আসার পর দেশের বিভিন্ন স্থানে পাঠানোর অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই যশোর নওয়াপাড়া, খুলনা, আমনুরা, ও উল্লাপাড়া পাঠানোর কাজ করা হচ্ছে। ২০১২ সালের পর এই প্রথম দর্শনা বন্দর দিয়ে পুনরায় ভারত থেকে চাল আমদানি করলো সরকার।

দর্শনা কাস্টমস সার্কেলের সুপারিনটেনটেন্ড জানান, খাদ্য মজুদ বাড়াতে চালের আমদানি শুল্ক কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে সরকার। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মত চালের আমদানি শুল্ক কমানো হল। এর আগে চাল আমদানি করতে হলে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। গত জুনে শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়।