চলন্ত বাসে নারী কনস্টেবলকে ছুরিকাঘাত

পুলিশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে চলন্ত যাত্রীবাহী বাসে নারী পুলিশ সদস্য ঐশী খাতুন (২৫) কে ছুরিকাঘাত করেছে শরিফুল নামে এক যুবক। এসময় বাসের যাত্রীরা শরীফুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ঐশী চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের সদস্য পদে কর্মরত রয়েছেন।

কী কারণে ঐশীকে ছুরিকাঘাত করা হলো তা জানাতে পারেনি বাসযাত্রীরা। তবে এর নৈপথ্যে অন্য কোনও ঘটনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাসযাত্রীরা জানান,কর্মস্থল চুয়াডাঙ্গা যাওয়ার জন্য রবিবার রাতে পুলিশ সদস্য ঐশী খাতুন যশোর থেকে বাসে ওঠেন। এসময় যাত্রীবেশে থাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার শরিফুল ইসলাম হঠাৎ ঐশীর মাথায় ছুরিকাঘাত করে। বাসে থাকা অন্য যাত্রীরা শরিফুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আর ঐশীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান,চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।