চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের উদ্যোগে সাড়ে সাত লাখ বৃক্ষরোপণ

21553041_1299839480125408_1335343366_n

চুয়াডাঙ্গা জেলাজুড়ে শনিবার দুপুরে একযোগে এক ঘণ্টায় সাড়ে সাত লাখ গাছ লাগানো হয়েছে। জেলা প্রশাসনের আহ্বানে স্বতঃস্ফূর্ত এ কর্মসূচি ঘিরে জেলার সব খানেই ছিল উৎসবমুখর পরিবেশ। ‘সবুজ চুয়াডাঙ্গা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টায় সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এর উদ্বোধন করেন।

এরপর জেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়, চলে বেলা একটা পর্যন্ত। কর্মসুচিতে ৫ লাখ ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং তালের ২ লাখ ২৫ হাজার বীজ রোপন করা হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারি, সামাজিক সংগঠন, রাজনীতিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশ নেন। এ কর্মসূচিকে ঘিরে সব খানে ছিল সাজ সাজ রব। তিন-চার দিন ধরে সার্কিট হাউস, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মোট ভূমির ২৫ শতাংশে বনভূমি থাকার কথা থাকলেও এ জেলায় রয়েছে মাত্র ১৫ শতাংশ। যে কারণে এ জেলায় আবহাওয়া চরমভাবাপন্ন। গ্রীষ্মকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আবার-শীতকালে চার-পাঁচ ডিগ্রিতে নেমে আসে। বিষয়টি মাথায় রেখেই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন জেলা প্রসাশক জিয়া উদ্দীন আহমেদ। কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা ও মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়।

আরও পড়তে পারেন: বগুড়ায় ‘পুলিশের মারধরে’ বিএনপি নেতার মৃত্যু: মামলা তুলে নিতে হুমকির অভিযোগ