ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষককে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন (৩৫) দামুড়হুদা স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। সোমবার দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান এ রায় দেন। দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষককে বিকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার মদনা গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, শিক্ষক সাজ্জাদ হোসেন প্রায়ই কলেজের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এ কারণে গত রবিবার বিকালে ছাত্রীর বাবা সুজাত আলী দামুড়হুদা নির্বাহী কর্মকর্তার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ সোমবার সকালে দামুড়হুদা শহর থেকে ওই শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান শিক্ষক সাজ্জাদ হোসেনকে জেল ও জরিমানা করেন।
আরও পড়তে পারেন: টাঙ্গাইলে জেএমবির সদস্য দুই ভাইয়ের অস্ত্র সরবরাহকারী আটক