যশোরে তুলার মিলে আগুন

jessoreযশোরের বসুন্দিয়ায় নর্থ সাউথ স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৬ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিকপক্ষ।


নর্থ সাউথ স্পিনিং মিলস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান জানান, বেলা ১১টার দিকে মিলে শ্রমিকরা কাজ করছিল। এসময় ব্লু-রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন ধরে। এরপর তিনি ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেন। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি টিম গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আব্দুল মান্নান দাবি করেন, মিলে থাকা বিভিন্ন প্রকারের তুলা ও সুতা পুড়ে গেছে। এতে ৬-৭ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে তিনি বলতে পারছেন না বলে জানান।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা শুনেছি। সেখানে একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। বিস্তারিত এখন বলা যাচ্ছে না।