ভারতীয় একটি মুখ পোড়া হনুমান নাটোরের নলডাঙ্গা উপজেলায় চলে আসার পর স্থানীয়দের আক্রমণের শিকার হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে হনুমানটির নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের বানুর ভাগ গ্রামের একটি গাছে ভারতীয় একটি মুখ পোড়া হনুমান দেখতে পান স্থানীয়রা। হনুমারেন আক্রমণের ভয়ে ওটাকে তাড়ানোর জন্য স্থানীয় লোকজন লাঠি-শোটা নিয়ে আক্রমণ করে। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুরে তিনি ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হনুমানের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার (ভারপ্রাপ্ত) ইউএনও জেসমিন আকতার বানু জানান, তিনি খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। হনুমানটিকে যাতে কেউ আঘাত না করে তার জন্য স্থানীদের সতর্ক করেন। এছাড়া এলাকায় মাইকিংও করাসহ হনুমানটির নিরাপত্তায় দুজন গ্রাম পুলিশ পাহাড়ায় রাখা হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান,বিষয়টি জানতে পেরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা যশোবন্ধন বসু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারনা করা হচ্ছে, হনুমানটি ভারত থেকে মালবাহী ট্রেনের ছাদে চড়ে বাংলাদেশে ঢুকেছে। পরে নলডাঙ্গায় এসেছে। হনুমানটি দেখতে শত শত নারী-পুরুষ-শিশু ভীর করছে। তবে প্রশাসনের মাইকিং ও গ্রাম পুলিশ পাহাড়া দেওয়া পর কেউ আর হনুমানটিকে বিরক্ত করছে না।
আরও পড়তে পারেন: যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী