নড়াইলে ইউপি চেয়ারম্যান ও পুলিশের এসআইয়ের বিরুদ্ধে মামলা

 মামলা

নড়াইল সদর উপজেলার বিছালী ইউপি চেয়ারম্যান অনিচুর রহমান ও ফাড়ির ইনচার্জ খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  রবিবার দুপুরে নড়াইল আমলি আদালতে মামলাটি করেন একই ইউনিয়নের চাকই গ্রামের ইদ্রিস শেখের মেয়ে স্বর্ণালী।

ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তাণ্ডবের অভিযোগে করা মামলায় তারা ছাড়াও আটজনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিচারক মো. জাহিদুল আজাদ মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্ত করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে  প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন, চাকই গ্রামের মামুন শেখ, জুয়েল শেখ, এরশাদ বিশ্বাস, মাজেদ শেখ, লাবলু শেখ, মনিরুল মল্লিকসহ অজ্ঞাত ৫/৬ জন এবং নেমপ্লেট ছাড়া ৫/৬ জন পুলিশ সদস্যও রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, আসামিরা যোগসাজশে বাদীর বাবার বাড়িতে পুলিশি অভিযানের নামে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুল বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার বাবার কথা জানতে চায়, না বললে গুলি করে হত্যার হুমকি দেয়। পুলিশের এসআই খায়রুলসহ অন্য আসামিরা ঘরে ঢুকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুট করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আসামিরা এ ঘটনায় মামলা না করার জন্য তাকেসহ পরিবারের অন্য সদস্যদের হুমকি দিয়ে আসছে।

আরও পড়তে পারেন: শেরপুর সীমান্তে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার