যশোরে আ.লীগ নেতার ওপর হামলা

আবু মুছা মধু য‌শো‌রে দুর্বৃত্তের হামলায় আওয়ামী লীগ নেতা আবু মুছা মধু (৪৯) গুরুতর জখম হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকালে তিনি যশোর শহরের কারবালা রোডে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। ওইসময় অজ্ঞাত ৭-৮ যুবক হঠাৎ করে তার ওপর চড়াও হয়। দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এবং একটি দাঁত পড়ে যায়। 


বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু জানান, সকাল ৭টার দিকে বাড়ির সামনে ৭-৮ জন দুর্বৃত্ত অতর্কিতে আবু মুছা মধুর ওপর হামলা চালায়। তারা মধুর দু'পায়ে লাঠি দিয়ে ব্যাপক পিটিয়েছে; এছাড়া তাদের ঘুষিতে তার একটি দাঁত পড়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক আব্দুর রহিম মোড়ল বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে, তিনি আশঙ্কামুক্ত।
কোতোয়ালি থানার পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, আবু মুছা মধু যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের যশোর অফিসের ম্যানেজার।

আরও পড়ুন:



নানা রোগের ঝুঁকিতে রোহিঙ্গারা