অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের, হাসপাতালের দাবি ভাঙচুরের

নিহত তবিবরের স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা

যশোরে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে একটি হাসপাতালে ভাঙচুরের খবর পাওয়া গেছে। বেসরকারি আদ দ্বীন হাসপাতালে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে এক রোগীর মৃত্যুর পর ভাঙচুর চালিয়েছেন রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

আদ দ্বীন হাসপাতালের ম্যানেজার মশিউর রহমান বলেন, ‘তবিবুর রহমান (৫৫) নামের এক রোগীর মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ তবে রোগী কিভাবে মারা গেলেন তা বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

ওই রোগী ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন জানিয়ে ম্যানেজার আরও বলেন, ‘তবিবুর রহমানের মৃত্যুর জন্য যদি ডা. নজরুল দায়ী হয়ে থাকেন তাহলে হাসপাতালের চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখবেন।’

তবে এই ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, ‘রোগীর স্বজনরা এ বিষয়ে থানায় কোনও অভিযোগ দেয়নি। হাসপাতালে ভাঙচুরের কোনও ঘটনাও ঘটেনি।’

তবিবুর রহমান যশোর শহরতলীর রামনগর পিকনিক কর্নার এলাকার মৃত মফেল সরদারের ছেলে।  তার স্ত্রী জোহরা বেগম ও ছেলে মো. হাসান জানান, ইজিবাইক উল্টে মাস দেড়েক আগে তবিবুর রহমানের ডান পায়ের হাড় ভেঙে যায়। পরিবারের লোকজন গত ৯ সেপ্টেম্বর তাকে আদ দ্বীন হাসপাতালের অর্থোপেডিক ডা. নজরুল ইসলামের কাছে নিয়ে যান। পরে ডাক্তার তার পায়ের অপারেশন করেন। ১৩ দিন একটানা চিকিৎসাধীন থাকার পর তবিবুরকে নিয়ে যাওয়া হয়। 

তারা আরও জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে আবারও ডা. নজরুল ইসলামের কাছে নেওয়া হয়। রাত ৭টার দিকে তবিবুরকে নিজ রুমে নেন ডাক্তার। এসময় চার থেকে পাঁচ জন লোক তবিবুরের পা চেপে ধরেন। ওই সময় তবিবুরের মৃত্যু হয়। স্বজনদের দাবি, ব্যথা পা চেপে ধরায়ই তবিবুরের মৃত্যু হয়েছে।  তবে এ ব্যাপারে ডা. নজরুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাসপাতালের আরেক চিকিৎসক শিলা পোদ্দার বলেন, ‘এখানে তবিবুর রহমান নামে একজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কী কারণে এবং কিভাবে তিনি মারা গেছেন তা একমাত্র ডা. নজরুল ইসলামই বলতে পারবেন। আমার জানা নেই।’ 

আরও পড়ুন- রাতারাতি টাকা বানাতে রোগীদের সঙ্গে প্রতারণা করবেন না: রাষ্ট্রপতি