বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অর্ধশত রোহিঙ্গা নারী-শিশুকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে বিএসএফ। ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য কয়েক দফা চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সদস্যরা জানায়, গত দুই দিন ধরে সীমান্তের ইছামতি নদীর ওপারে শত শত রোহিঙ্গাকে এনে জড়ো করা হয়েছে। পঞ্চাশ জনের বেশি রোহিঙ্গাকে সকাল থেকে কয়েক দফা বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ । তবে বিজিবির কড়া নজরদারি ও বাধার কারণে বিএসএফ সদস্যরা রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। রোহিঙ্গাদের রাতের আঁধারে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালানোর জন্য পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্তবর্তী জঙ্গলগুলোতে রাখা হয়েছে। এছাড়াও সেখানে নতুন করে আরও রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে। গত দুইদিন ধরে সীমান্ত এলাকার জঙ্গলে অমানবিক অবস্থায় দিন কাটাচ্ছেন রোহিঙ্গা নারী ও শিশুরা।
বিএসএফের এ ধরনের অপতৎপরতার কারণে বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, সীমান্ত এলাকায় পূর্বের তুলনায় টহল জোরদার করা হয়েছে। বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আরও পড়তে পারেন: ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার মোক্তার চার দিনের রিমান্ডে