মাগুরায় আমন ধান ক্ষেত পানির নিচে

মাগুড়ায় আমন ধান ক্ষেত পানির নিচে

গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়ায় আমন ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি দ্রুত অপসারণ করতে না পারলে পাকা ধান পচে যাওয়াসহ অধিকাংশ ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর জেলার চারটি উপজেলায় ৯২ হাজার ৩৫৯ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা এখন কমে ৮০ হাজার ৬১০ হেক্টর হয়েছে।

সদর উপজেলার কছুন্দি এলাকার কৃষক হারুণ শেখ জানান, এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ৬ বিঘা জমি বর্গা নিয়ে আমন চাষ করেছি। গত কয়েকদিনের বৃষ্টি ও বাতাসে সব ধান মাটিতে শুয়ে পড়েছে। এখন ঋণ পরিশোধ নিয়ে তিনি চিন্তিত।

শ্রীপুর উপজেলার রায়নগরের কৃষক আলাউদ্দিন জানান,‘বৃষ্টি আর দমকা হওয়ার কারণে তার এক বিঘার বেশি জমির আমন ধান নষ্ট হয়েছে।’

বিভিন্ন এলাকার কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, খুব বেশি হলে ১০/১৫ দিনের মধ্যেই তারা ধান ঘরে তুলতে পারতেন। কিন্তু অসময়ে বৃষ্টির ফলে ক্ষেতের ধান মাটির সঙ্গে মিশি গেছে। এবারও একই পরিণতি। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আর সুযোগ নেই বলে তারা জানান।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক পার্থ প্রতিম দাস জানান, এটা প্রকৃতিক দুর্যোগ। বাতাসে আমন ধানের ক্ষেত মাটিতে পড়ে যাওয়ায় ধানের ক্ষতি হচ্ছে। তবে সব ধান নষ্ট হবে না। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

 আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকের ধাক্কায় তরুণ-তরুণী নিহত