বেনাপোলে ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল চেকপোস্টের কাছে নো-ম্যানস ল্যান্ডে এক ভুয়া সিএন্ডএফ কার্ডধারী হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ অক্টোবর) বিকালে ৩৫ হাজার ৮০০ ভারতীয় রুপিসহ আটক হয় সে।
বেনাপোলে বিজিবির হাতে আটক হুন্ডি ব্যবসায়ী রুমন খান
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা জানান, আটক হুন্ডি ব্যবসায়ীর নাম রুমন খান। তার বয়স ৩২ বছর। সে সিলেট জেলা সদরের শিবগঞ্জ গ্রামের হেলালের ছেলে।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়েছিলাম, এক হুন্ডি পাচারকারী ভুয়া সিএন্ডএফ কার্ড দেখিয়ে ভারতে ঢুকবে। রুমন খানই সেই ভুয়া কার্ডধারী। সে নো-ম্যানস ল্যান্ডে এলে তাকে আমরা ক্যাম্পে নিয়ে যাই। এরপর তার শরীর তল্লাশি করে ৩৫ হাজার ৮০০ ভারতীয় রুপি পাওয়া যায়।’

অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পাচারের অপরাধে মানি লন্ডারিং আইনে রুমন খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে উদ্ধার করা রুপিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে তাকে।