কুষ্টিয়ায় মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাস শ্রমিকদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিনটি সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে।ধর্মঘটে কুষ্টিয়ার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মজমপুরে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস মিনিবাস মালিক গ্রুপ এবং মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, ‘অন্যায় ভাবে আমাদের এক শ্রমিককে আটক করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের মাঝে মধ্যেই হয়রানি করা হয়। ওই শ্রমিককে মুক্তি দেওয়াসহ হয়রানি বন্ধের দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে আলহাজ নামে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে হেরোইন উদ্ধার করে পাবনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে আলহাজ পরিবহনের সুপারভাইজার রুবেলকে আটক করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক শিমুল হত্যা: হাজিরার সময় বিশৃঙ্খলা করায় আটক ৯, মুচলেকায় ছাড়া