মাচায় লুকানো বোমার বিস্ফোরণ, আহত এক

যশোরবাড়ির মাচা থে‌কে খ‌ড়ি বের কর‌তে গি‌য়ে বোমা বি‌স্ফোরণে আহত হয়েছেন সবদুল মোল্ল্যা (৩৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দি‌কে যশোরের বাঘারপাড়া উপ‌জেলার বেতালপাড়া গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে। তবে বোমাটি সেখানে কিভাবে এলো সেব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন ওই ব্যক্তির পরিবার।  

আহত ব্যক্তিকে উদ্ধার ক‌রে দুপুর ১টার দি‌কে য‌শোর জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন তার স্বজনরা। জরুরি বিভা‌গের চি‌কিৎসক ক‌ল্লোল জানান, বোমার স্প্লিন্টার সবদুল মোল্লার বাম হা‌তের কব‌জি‌ ও দুই পা‌য়ে লে‌গে‌ছে। সবদুল ওই গ্রা‌মের আবুল মোল্লার ছে‌লে।

স্ত্রী জ‌মেলা বেগম জানান, মঙ্গলবার বেলা ১২ টার দি‌কে রান্নাঘ‌রের পা‌শে কা‌ঠের মাচা থে‌কে খ‌ড়ি বের করতে যান সবদুল। খ‌ড়ি টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা বোমাটির বি‌স্ফোরণ ঘ‌টে। বোমার শব্দ শু‌নে স্বজনরা ছু‌টে এ‌সে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ক‌রে তাকে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। ত‌বে বোমাটি কে কেন সেখানে রেখে গিয়েছে সেবিষয়ে তারা কিছু জা‌নেন না।

বাঘারপাড়া থানার ওসি মঞ্জুর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিচ্ছি।’