সাতক্ষীরায় জিহাদী বই ও লিফলেটসহ জামায়াত নেতা কামরুজ্জামান শেখকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার বাসা থেকে জিহাদি বই ও লিফলেটসহ বিভিন্ন ধরনের পুস্তিকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কামরুজ্জামান শেখ তালা উপজেলার খলিষখালি গ্রামের আবু বক্কর শেখের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের কামরুজ্জামান শেখের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার বাসা থেকে জিহাদি বই, লিফলেট ও স্টিকারসহ বিভিন্ন ধরনের পুস্তিকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসে সাতক্ষীরা শহরে বাসা ভাড়া করে থাকতে শুরু করেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি এলাকায় এসেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে ওসি জানান।