নাটোরের সিংড়া ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ২ জনের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন রিডার মিজানুর রহমান জানান,‘শনিবার দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় বগুড়াগামী যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরী দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রো চালক পিন্টু নিহত ও অপর সাতজন আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসার পথে অহনাফ নামে এক শিশুসহ আরও দুইজন নিহত হয়। আহত ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার দুপুরে শহরের বনবেলঘরিয়া-বাইপাস এলাকায় একটি যাত্রীবাহি বাস থেকে পড়ে এক যাত্রী নিহত হন।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে চারটি মৃতদেহ রাখা আছে। আহত পাঁচ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন