সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

-সাতক্ষীরা সীমান্তে সাতটি স্বর্ণের বারসহ মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটক মফিজুল ইসলাম বৈকারী গ্রামের রমজান আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবির ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় একটি স্বর্ণের চালান নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে সাত পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছে।