ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঈশ্বরবা জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয় জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে শাপলা পরিবহনের ( গাজীপুর জ ০৪-০২০৮) একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় ঈশ্বরবা জামতলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এনামুক (৫৮) কালীগঞ্জের ষাটবাড়ীয়া গ্রামের সাধনের ছেলে উজ্জ্বল (৩৫), একই গ্রামের মতি দাসের ছেলে টিপুল দাস (৪৭), হেলাই গ্রামের মকবুল শেখের ছেলে এনামুল (৩৬), আবুল শেখের ছেলে আব্বাস (৪০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জিগাতীপোতা গ্রামের মতলেবের ছেলে মমিন (৩৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অরুন কুমার দাস বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ৬ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সামান্য আহতরা ঘটনাস্থল থেকে চলে গেছে।