বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ দুই ভারতীয় নাগরিক আটক

স্বর্ণের বারসহ আটক দুই ভারতীয় নাগরিক বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ নসরুল হক (৩৫) ও সঞ্জীব বর্মা (৩৬) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় টি টি চেকিং পয়েন্টে তাদেরকে আটক করা হয়।

আটককৃত নসরুল হক উত্তর ২৪ পরগনা জেলার ইকবালপুর থানার খিদিরপুর গ্রামের নুরুল হকের ছেলে এবং সঞ্জীব রর্মা দিল্লির উত্তম নগর এলাকার মেহেনদার বর্মার ছেলে। তাদের পাসপোর্ট নম্বর এম-৩০১১৬০০ ও এল-৫৮৮২২৬৬।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে নসরুল ও সঞ্জীব কাস্টমস, ইমিগ্রেশন ও টি টি চেকিংয়ের কাজ শেষ করে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করে তল্লাশি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তল্লাশি করে নসরুলের জুতার মধ্যে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। পরে বেলা দেড়টার সময় তাদের হাসপাতালে নিয়ে এক্সরে করে নসরুলের পায়ুপথে ছয়টি ও সঞ্জীব বর্মার পায়ুপথে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আব্দুস সাদেক জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক নসরুল ও সঞ্জীব বর্মাকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণের বারসহ সোপর্দ করা হয়েছে।