কবিয়াল বিজয় সরকারেএকুশে পদকপ্রাপ্ত ও উপমহাদেশের খ্যাতনামা লোককবি বিজয় সরকারের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। কবির মৃত্যুবার্ষিকী স্মরণে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে আজ সোমবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী অনুষ্ঠান। বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইল জেলা প্রশাসক ও বিজয় সরকার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।
জেলা প্রশাসক জানান, অনুষ্ঠান সফল করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ ও ৫ ডিসেম্বর দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে চিত্র প্রদর্শনী,বিজয়গীতি পরিবেশন,বিজয় সরকার পদক প্রদান,বিজয় সরকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে বিজয় সরকারের বড় ছেলে পশ্চিমবঙ্গের কেউটিয়ায় বসবাসরত কাজল অধিকারীসহ দেশ-বিদেশের বরেণ্য কবি, সাহিত্যিক, গবেষকরা অংশ নেবেন।
কবিয়াল বিজয় সরকারঅসাম্প্রদায়িক চেতনার কবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় এক হাজার ৮০০ গান রচনা করেছেন। তিনি অনেক ইসলামী গান ও কবিতা রচনা করেন। কবিগানের আসরেও দুর্দান্ত ছিলেন তিনি। মাতিয়ে তুলতেন দর্শক-শ্রোতাদের ।কোনও কোনও মঞ্চে তাৎক্ষনিক নিজের রচিত আধ্যাত্মিক গান পরিবেশন করে তিনি উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করতেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য তিনি চারণকবি ও ‘সরকার’ উপাধি লাভ করেন। ১৯৮৫ সালের ৪ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তার মৃত্যু হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। শিল্পকলায় অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৩ সালে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন উপমহাদেশের প্রখ্যাত এই চারণ কবি।