নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করছেন নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন নৌকার চেয়ারম্যান প্রার্থী পলি বেগম।
তিনি আরও বলেন, ‘দলীয় সংসদ সদস্য কবিরুল নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে প্রকাশ্যে নৌকা প্রতীকের ভোটারদের বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখাচ্ছেন। বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ডেকে এনে তাদের অর্থ ও উপঢৌকন দিয়ে তার পছন্দের প্রার্থীর (গোলাম মোহাম্মদ) পক্ষে ভোট চাচ্ছেন।’
সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা এমদাদুল হক, সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, কালিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান ও কালিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিউটি খানম, কালিয়া উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরাসহ প্রমুখ।
তবে পলি বেগমের এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। তিনি বলেন, ‘পলি বেগমের অভিযোগ সত্য নয়। দলের নেতাকর্মীর কাছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার বিরোধিতাকারীরা এ ধরনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’