সাতক্ষীরায় ১৫টি সোনার বারসহ দুই জন আটক

সাতক্ষীরা জেলা
জুতার মধ্যে রেখে ভারতে সোনা পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। সোমবার (১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জুয়েল জানান, আটক দুই যাত্রী আবদুল বায়েজিদ (১৮) ও মো. আলামিন (৩১) নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কেশরপাড়া ও পডিপাড়া গ্রামের বাসিন্দা। তারা ভোমরা হয়ে ভারতে যাওয়ার জন্য কাস্টমস চেক পোস্টে আসেন। এসময় তাদের দেখে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে জুতার মধ্য থেকে সোনার বারসহ তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। আটকদের থানায় আনার প্রস্তুতি চলছে।