ঘুষের টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নাজমুল কবিরকে গ্রেফতার করা হচ্ছেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ পরিচালক মো. নাজমুল কবিরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (৩ জানুয়ারি) বিকালে ঘুষের দুই লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।



এ অভিযানে নেতৃত্ব দেন দুদক ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। তিনি সংবাদিকদের জানান, যশোর শহরের বাসিন্দা মহব্বত আলী টুটুল সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়ে নাভারনে বাংলা মদের ব্যবসা করেন। কিন্তু তার লাইসেন্স নবায়ন হচ্ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশেরের উপ পরিচালক মো. নাজমুল কবির ওই ব্যবসায়ীর লাইসেন্স প্রায় তিন মাস আগে নিজের হেফাজতে নেন। তিনি লাইসেন্স নবায়ন বাবদ তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দুই লাখ টাকায় দফারফা হয়। আজ দুপুরে টুটুল ঘুষের দুই লাখ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর অফিসে এসে উপ পরিচালক মো. নাজমুল কবিরের কাছে হস্তান্তর করেন। নাজমুল কবির ওই টাকা ড্রয়ারে রাখেন।
দুদক কর্মকর্তা নাসিম আরও জানান, বিকাল ৩টার পর তিনিসহ দুদকের কর্মকর্তারা যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ে যান। যশোর কালেক্টরেট চত্বরে অবস্থিত ওই অফিসে অভিযান চলাকালে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং পুলিশ সদস্যরাও হাজির হন। সবার উপস্থিতিতে তার ড্রয়ার থেকে ঘুষের দুই লাখ টাকা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর সাংবাদিকদের বলেন, ‘আমার উপস্থিতিতে দুদক কর্মকর্তারা ওই অফিসে অভিযান চালান। ড্রয়ার থেকে ঘুষের টাকাসহ উপ পরিচালক নাজমুলকে গ্রেফতার করা হয়।’ তাকে পুলিশ হেফাজতে দেওয়া হচ্ছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অফিসে ঢুকে প্রথমেই উপ পরিচালকের ড্রয়ারের চাবি নেওয়া হয়। ড্রয়ার খুলে দুই বান্ডিলে দুই লাখসহ আরও কয়েক বান্ডিল টাকা পাওয়া যায়। সোর্সের দেওয়া নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে, দুই বান্ডিলের দুই লাখ টাকা মদ ব্যবসায়ী মহব্বত আলী টুটুলের দেওয়া ঘুষ।