সুলতান মেলায় ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ দর্শক

ষাঁড়ের লড়াইনড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াই দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত শত শত দর্শক। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী সুলতান মেলার নবম দিনে গ্রাম বাংলার ঐতিহ্য এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। লড়াইয়ে অংশ নিতে নড়াইলের বিভিন্ন এলাকা ও আশপাশের জেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৬০টি ষাঁড় নিয়ে কলেজ মাঠে আসেন মালিকরা। বিশালাকৃতির এসব ষাঁড়ের লড়াই দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে অসেন। বুধবার দুপুরে শুরু হয়ে ষাঁড়ের লড়াই চলে সন্ধ্যা পর্যন্ত।

লড়াইয়ে প্রথম স্থান পায় যশোরের অভয়নগর উপজেলার রেজাউল করিমের ষাঁড়। প্রথম হওয়ার পুরস্কার হিসেবে রেজাউল করিমের হাতে একটি ফ্রিজ তুলে দেন নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসও উপস্থিত ছিলেন। দ্বিতীয় স্থান অধিকার করে একই এলাকার (অভয়নগর) নুরুন্নবীর ষাঁড়। দ্বিতীয় পুরস্কার হিসেবে নূরন্নবী পান একটি এলইডি মনিটর টিভি।

ষাঁড়ের লড়াই দেখতে আসা আকবর হোসেন বলেন, ‘লড়াই দেখে খুব আনন্দ পেলাম। প্রতিবছর মেলায় অনুষ্ঠিত গ্রামীণ খেলাধুলা মেলার আকর্ষণ আরও বাড়িয়েছে।’

সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘সুলতান মেলাকে আকর্ষণীয় করতে আমরা লাঠিখেলা, ষাঁড়ের লড়াইসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন করে থাকি। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজন মেলায় গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় ১০০টি স্টল বসেছে।’