সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানসুন্দরবনে জলদস্যু ‘নানা ভাই’ বাহিনী ও কোস্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধের পর অপহৃত ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে বনের গুমসার খাল থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দফতর) এর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২ জানয়ারি) এসব জেলেদের সুন্দরবনের গুমসার খাল থেকে মুক্তিপণের জন্য অপহরণ করে জলদস্যু নানা ভাই বাহিনী। উদ্ধার হওয়া জেলেদের বরাতে তিনি এসব তথ্য জানান।
বন্দুকযুদ্ধকোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, জলদস্যুদের হাতে জেলে অপহরণের খবর পেয়ে সুন্দরবন জুড়ে অভিযান শুরু করেন তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- অপহৃত জেলেদের নিয়ে দস্যুরা সুন্দরবনের গুমসার খালে অবস্থান করছে। কোস্টগার্ড সদস্যরা সেখানে উপস্থিত হলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। পরে কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। ঘণ্টাব্যপী বন্দুকযুদ্ধের একপর্যায়ে অপহৃত জেলেদের রেখে দস্যুরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহার করা দুটি থ্রি নট থ্রি রাইফেল, তিনটি বন্দুক ও গুলি, দুটি ট্রলার এবং জেলেদের ছয়টি নৌকা উদ্ধার করে কোস্টগার্ড।
উদ্ধার হওয়া জেলেদের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায়।