যশোরের আরবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত





সাময়িক বরখাস্ত হওয়া আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজেদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে শাহারুল ইসলামের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (মামলা নম্বর- ৫৪/১৫.০৩.২০১০)  আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম চার্জশিটভুক্ত প্রধান আসামি হওয়ায় তাকে সামিয়ক বরখাস্ত করা হয়েছে।  

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজেদুর রহমান খান সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর তা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, তিনি শাহারুল ইসলামকে এ বিষয়ে অবহিত করেছেন এবং প্যানেল চেয়ারম্যান সালমা পারভীন পিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

শাহারুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে তাকে মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি করেছে। তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।