এছাড়া সফরের প্রথম দিন শনিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি ও মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ছেঁউড়িয়া আখড়াবাড়ি পরিদর্শন করবেন। ইতোমধ্যে রাষ্ট্রপতির কুষ্টিয়া সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার দুপুরে কুষ্টিয়া স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে যাবেন। বিকালে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করবেন। এরপর সন্ধ্যায় লালন একাডেমি পরিদর্শন ও সেখানে অডিটোরিয়ামে লালন গান উপভোগ করবেন। রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপর সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। ৭ জানুয়ারি রবিবার দুপুরে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দেবেন। সমাবর্তন শেষে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে প্রত্যাবর্তন করবেন। এরপর কুষ্টিয়া স্টেডিয়াম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান জানান, রাষ্ট্রপতির কুষ্টিয়া সফর উপলক্ষে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সফরকালে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও বাউল সাধক ফকির লালনের ছেঁউড়িয়ার আখড়াবাড়ি পরিদর্শন করবেন।