মধ্যরাতে শীতার্তদের পাশে ঝিনাইদহের জেলা প্রশাসক

এক শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক জাকির হোসেনঝিনাইদহে শীতার্তদের পাশে দাঁড়ালো জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক জাকির হোসেন তাদের হাতে কম্বল তুলে দেন।

শহরের বাস টার্মিনাল, পবহাটি, আরাপপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, পাগলা কানাই মোড়, হামদহ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলাম, এনডিসি জাফর সাদিক চৌধুরী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে আগে কোনোদিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।

জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, ‘বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবেশীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ কাজেও যেতে পারছে না। রাতে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া।’