ছেলেটির এসএসসি পরীক্ষা দেওয়া হলো না

মাগুরাআর ক’টা দিন পরেই এসএসসি পরীক্ষা দিতো উলফাত। কিন্তু তা আর হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৬ বছরের এই কিশোরের। মাগুরায় মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামে রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিহত হয় সে।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রাইভেট টিউশনি পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল উলফাত। পথে ইঞ্জিনচালিত একটি ট্রলি গাড়ি তাকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুতর আহত হয়। দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গাফার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল উলফাতের। সে মৌসা গ্রামের হারুনার রশিদের ছেলে।