বেনাপোলে গোলাগুলির পর তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি ৪ রাউন্ড গুলি বর্ষণ করে।
আটককৃতরা হলো, স্থানীয় ছোট আচঁড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল গফফার (২২),তায়েব আলীর স্ত্রী আলেয়া খাতুন (৪০) ও তায়েবের মেয়ে খাদিজা খাতুন (১৮)।
এসময় ভারতীয় দুই বস্তা জুতা, ৬০ বোতল ফেনসিডিল, উন্নত মানের ২২ পিস শাড়ি ও ১ কার্টুন ইজিলাইট ও বিদেশি সিগারেটসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা ।
বিজিবি জানায়,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল নিয়ে সীমান্তের ছোট আঁচড়ার মোড় হয়ে বেনাপোল রেলস্টেশন এলাকায় যাবে। এ ধরনের সংবাদ পেয়ে বেনাপোল কোম্পানি সদরের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা আক্রমন করে। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি ছোঁড়ে।
৪৯ বিজিবির বেনাপোল কোম্পানি সদরের নায়েব সুবেদার শহিদুল ইসলাম গুলি বর্ষণ করা ও ভারতীয় মালামালসহ ৩ চোরাকারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় এবং মালামালগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাসের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ৩