কুষ্টিয়ায় বাস খাদে, নিহত ২

দুর্ঘটনা কবলিত বাসটিকুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়ায় খালেকের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক নয়ন হোসেন ও হেলপার হেলপার জাফর। তাদের বাড়ি কুষ্টিয়ার জগন্নাথপুর ও সাওতা গ্রামে।  স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ীগামী রনি এন্টারপ্রাইজের (পাবনা-ব-৩৭৫) একটি বাস কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়ার খালেকের ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পড়ে চালক নয়ন হোসেন ও হেলপার জাফর নিহত হন। এ সময় কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, বাসের নিচে চাপা পড়ে চালক নয়ন হোসেন ও হেলপার জাফর নিহত হন। বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।