উন্নয়ন মেলায় মাহবুব উল আলম হানিফদুর্নীতির মামলা থেকে বাঁচতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিচার ব্যবস্থাকে প্রলম্বিত করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি মামলা স্বচ্ছভাবেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেন। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া কালেক্টর চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।
তিনি আরও বলেন, ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়া বারবার আদালত পরিবর্তনসহ ১৪৭ বার তারিখ পরিবর্তন করেছেন। এ মামলার অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ফলে এ রায় বিএনপি চেয়ারপারসনের বিপক্ষে যেতে পারে এমন ভীতির সঞ্চার হয়েছে বলেই তারা শঙ্কিত হয়ে নানা ধরনের মিথ্যাচার ও কাল্পনিক অভিযোগ করছেন।’
কুষ্টিয়ায় উন্নয়ন মেলা পরিদর্শনে হানিফআওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে যে মন্তব্য করেছেন, তা হাস্যকর এবং উদ্ভট ছাড়া কিছুই না। একটি নদীর ওপর ছয় কিলোমিটার ধরে ব্রিজ জোড়াতালি দিয়ে হচ্ছে বলে যে মন্তব্য তিনি করেছেন, শুধু পাগল এবং উন্মাদরাই এই ধরনের কথাবার্তা বলতে পারে।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ। পরে হানিফ উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।