সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং টিমের অভিযান, ৪১ জেলে আটক

সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং টিমের অভিযানসুন্দরবনে স্মার্ট পেট্রোলিং (বিশেষ নিরাপত্তা অভিযান) টিমের অভিযানের চার দিনের মাথায় ৪১ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খাল থেকে অবৈধভাবে কাঁকড়া শিকারের সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ মণ কাঁকাড়া জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

আটক জেলেদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শাহিন কবির এই তথ্য জানান।

শাহিন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব জেলেরা বিভিন্ন সময় চাঁদপাই রেঞ্জ থেকে অনুমোদন রশিদ (পাস পারমিট) নিয়ে মাছ ধরার জন্য সুন্দরবনে যায়। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা নিষেধাজ্ঞা অমান্য করে বনের কাঞ্চির খালে কাঁকড়া শিকার করছিল। খবর পেয়ে সেখানে স্মার্ট পেট্রোলিংয়ের মাধ্যমে ওসি মিজানুর রহমান মোল্লা তাদের আটক করেন। পরে জেলেদের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে আনা হয়। অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে আটক ৪১ জেলেকে জন প্রতি ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।’

এছাড়া বনে প্রবেশ করে বনের ক্ষতি করার অভিযোগে তাদেরকে ১০ হাজার এবং অবৈধ ট্রলার নিয়ে মাছ শিকারের জন্য আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

বন্যপ্রাণী পাচার, অবৈধভাবে বনে প্রবেশ, চোরাচালান ও বনজ সম্পদ ধ্বংস ঠেকাতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে সুন্দরবনে স্মার্ট পেট্রোলিংয়ের অভিযানে নামেন বনরক্ষীরা।