পুলিশকে কোনও দলের বাহিনী হিসেবে কাজ না করার আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন। শনিবার বিকালে সাতক্ষীরার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা গণফোরামের প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কোটি টাকা দিলেও আপনারা বিক্রি হবেন না।’ এসময় বঙ্গবন্ধুর উদাহরণ টেনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আমার সামনে অফার দিয়ে বলা হয়েছিল আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু তিনি তা নাকচ করে বলেছিলেন প্রধানমন্ত্রিত্ব নয়, আমি বাংলার মানুষের জন্য রাজনীতি করি। বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছর বয়সে জীবন দিয়ে তা প্রমাণ করেছেন।’
প্রতিনিধি সম্মেলনে জেলা গণফোরামের সভাপতি প্রভাষক মামুনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক শফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বিকল্পধারার মহাসচিব মেজর (অব) এমএ মান্নানসহ স্থানীয় নেতারা।