যশোরের শার্শায় দেয়াল চাপায় দুই ভাই হতাহত

যশোর

যশোরে দেয়াল চাপা পড়ে ইছহাক আলী (০৫) নামে এক শিশু নিহত ও তার চাচাতো ভাই জাহিদ হোসেন (০৭) আহত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শার্শা উপজেলার ধলদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইছহাক ধলদা গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, ইয়াছিন আলীর নির্মাণাধীন বাড়ির পুরনো দেয়ালের পাশে দুই ভাই খেলা করছিল। হঠাৎ দেয়াল ভেঙে তাদের গায়ের ওপর পড়লে ইছহাক ঘটনাস্থলেই মারা যায়। জাহিদকে আহতাবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা 

শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আয়নাল হক দেওয়াল চাপায় এক শিশুর মৃত্যু ও এক শিশুর আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে শার্শা থানার ওসি মশিউর রহমান জানান, এ অপমৃত্যুর কথা তারা শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কোনও মামলা হয়নি। 

 আরও পড়ুন: সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতি গ্রেফতার