যশোরে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম






যশোরে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে আল্টিমেটামইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপারসন শরীফ খানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি জানিয়েছেন যশোরের সাংবাদিকরা। গ্রেফতারে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচির হঁশিয়ারি দেওয়া হয়েছে।  



সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে যশোরের সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিকরা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এসব দাবি জানান।  
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা, প্রেস ক্লাব সম্পাদক তৌহিদুর রহমান, সাংবাদিক ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারী দুজন চিহ্নিত সন্ত্রাসী ও চোরাচালানকারীর নাম উল্লেখসহ অজ্ঞাত দুর্বৃত্তদের নামে মামলা করা হয়েছে। কিন্তু এতদিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা হঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ ব্যর্থ হলে সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ শেষে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে একটি স্মারকলিপি দেন। ওই সময় তিনি (এসপি) সাংবাদিক নেতাদের আশ্বস্ত করেন, শিগগির হামলাকারীদের গ্রেফতার করা হবে। একইসঙ্গে তিনি বেনাপোল পোর্ট থানার ওসিকে মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও অজ্ঞাত আসামিদের পরিচয় উদ্ঘাটনের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি দায়িত্ব পালনকালে বেনাপোলে সন্ত্রাসী হামলার শিকার হন যশোরের দুই সংবাদকর্মী জিয়াউল হক ও শরীফ খান। ওইসময় তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।
ঘটনার দিন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।