শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট শহরের পুরাতন কোর্টে এলাকার খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ বিএনপির পাঁচ নেতাকে আটক করে সদর থানা পুলিশ। এদিন রাতে জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক লোকমান হোসেনকে রেখে বাকি ৪ আইনজীবীকে ছেড়ে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার রায়কে কেন্দ্রে করে গত ৫ দিনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মীসহ ২২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে বর্তমান সরকার প্রহসনের সাজা দিয়েছে। আর এই রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশের ধরপাকড়ের কারণে বাগেরহাটে দলের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে। শুক্রবার জেলার নেতাকর্মীরা কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ জেলা বিএনপি’র কার্যালয় ঘিরে রাখে। এমনকি দলীয় কার্যালয়ের দারোয়ানকে বের করে দেয় পুলিশ। পরে পুরাতন কোর্ট এলাকায় বিক্ষোভ করতে গেলে পুলিশ ৫ জনকে আটক করে নিয়ে যায়।
তিনি পুলিশের অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন। তিনি বলেন, ‘নাশকতা সৃষ্টির আশঙ্কার নামে পুলিশ নির্দোষ নেতাকর্মীদের আটক করে মামলা দিয়ে হাজতে পাঠাচ্ছে। এটা আসলে দুঃখজনক।’
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাটে কোনও বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়নি। তবে যারা নিয়মিত মামলার আসামি তাদের আটক করছে পুলিশ।