‘সাংবাদিকরা রুটি-রুজির জন্যই কাজ করে না, মানুষের কল্যাণেও চিন্তা করে’

picsপ্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, `সাংবাদিকরা শুধু রুটি-রুজির জন্যই কাজ করে না, তারা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণেও চিন্তা করে। তারা রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন।’ রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব লিয়াকত আলী মিলনায়তনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, `২০০৯ সালে শেখ হাসিনার সরকার খুলনার মিলগুলো চালু করেন, ফলে নতুনভাবে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়। কয়েকটি বিষয়ে যদি পরিকল্পনা নেওয়া হয় তবে এ অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি হবে। এক সময়ের বঞ্চিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল যদি উন্নয়নের বর্তমান ধারাবাহিকতায় যুক্ত হয়, তবে তা হবে সারা দেশের সার্বিক উন্নয়নের সমান। এ অঞ্চলে পদ্মাসেতুর মাধ্যমে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা শুধু সরকারের দৃঢ় অঙ্গীকারের জন্যই না বরং এ অঞ্চলের মানুষের মধ্যে যে উদ্যোগ লক্ষ্য করা যায় তাও যথেষ্ট ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘মোংলা বন্দরের সচলতা, খুলনা অঞ্চলে বিমান বন্দরের বাস্তবায়ন, সম্ভাবনাপূর্ণ পাটের বাজার বিকাশ, হিমায়িত চিংড়ি রফতানির মতো বিষয়ে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে দক্ষিণ পশ্চিমাঞ্চল উন্নয়নের যে ব্যাপক সম্ভাবনা তার সুফল যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পায়।’
সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেইউজের সভাপতি এসএম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলীসহ অনেকে।