কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তিন জনের কারাদণ্ড

কারাদণ্ডকুষ্টিয়ায় অস্ত্র মামলায় ৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটাঘাট গ্রামের গোলাম সরোয়ার (৪০), ফয়জুল্লাহপুর এলাকার আহাদ প্রামানিক (৪৫) ও পান্না সরদার (৩৮)। রায় দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১০ সালের ৭ জুলাই ভেড়ামারা থানায় এ অস্ত্র মামলা দায়ের করা হয়। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার পদ্মানদীর রাইটাঘাট এলাকায় একটি বালিবোঝাই ট্রলারে অভিযান চালিয়ে ৩টি অবৈধ এলজি ও রাইফেলের ১০ রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করে। পরে মামলার দীর্ঘ বিচারকাজ শেষে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার দুপুরে আদালত এ রায় দেন।