জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ দুই হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

আ.লীগে যোগ দিলেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ দুই হাজার নেতাকর্মী জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এম হারুন অর রশিদ প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ মার্চ) ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ’র হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

অন্যান্যদের মধ্যে রয়েছেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম বিদ্যুৎ, দফতর সম্পাদক দেবদাস কুমার মজুমদার ও পৌর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জোয়ার্দ্দারসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির প্রায় দুই হাজার নেতাকর্মী।

এছাড়াও জেলা বিএনপি নেতা ও সাবেক কমিশনার ওবায়দুল রহমান, বিএনপি নেতা আব্দুল মান্নান এবং পৌর বিএনপি নেতা মো. সোলাইমান হোসেনের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সঙ্গেও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।