ঝিনাইদহের শীতারামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় উভয় গ্রুপের অন্তত ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। শনিবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের আইসি হুমায়ন কবির জানান, জেলা সদরের হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা সকালে শীতারামপুর গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পার্শ্ববর্তী পরানপুর ও চন্দ্রযানী গ্রামেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয় এবং ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: পতাকা বৈঠকের পরও তমব্রু সীমান্তে সেনা বাড়িয়েছে মিয়ানমার