জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে খুবি ও কুয়েটে মানববন্ধন

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধনলেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের  ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সোমবার সকাল ১১টায় ক্যাম্পাসের হাদী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত  হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদ মানববন্ধনের সঙ্গে  সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যাপক জাফর ইকবালকে তরুণদের স্বপ্ন দেখানোর পথিক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে তরুণদের সামনে আনার পথপ্রদর্শক হিসেবে আখ্যায়িত করে বলেন, তার ওপর হামলা মানেই আমাদের বিবেকের ওপর হামলা, মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা। ভবিষ্যতে যেন কোনও পরাজিত অপশক্তি এ ধরনের হামলা না করতে পারে সেজন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুপক সাহা, নোমান, স্বাধীন, মোক্তাদিরুল কাদের, শারমিন আক্তার সুবহা, আজবীয়া খান এশা, কাঞ্চন রায়, গণেশ চক্রবর্তী, অর্ণব, শাহরিয়ার, আল আমিন হাজরা, মুশফিক, সুচিরা দাশ প্রমুখ।

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কুয়েট শিক্ষক সমিতির মানববন্ধনএদিকে কুয়েটের শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুয়েট উপাচার্য বলেন, ‘হামলার মত ন্যাক্কারজনক ঘটনায় কুয়েট পরিবার খুবই উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ের মত একটি জ্ঞান ও গবেষনার স্থানে এ ধরনের ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া  এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। ’
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সোবহান মিয়া এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, আইএম বিভাগের বিভাগীয় প্রধান ড. আজিজুর রহমান, রোকেয়া হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মনিকা গোপ প্রমুখ।