বাগেরহাটে ইউপি সদস্যের ছয় মাসের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য মোসা. সেতারা বেগম ওরফে নাজমা শিকদার

বাগেরহাটের কচুয়ায় মোসা. সেতারা বেগম ওরফে নাজমা শিকদার নামে সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সময় আদালত তাকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এই আদেশ দেন।

মোসা. সেতারা বেগম কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য এবং বক্তারকাঠি গ্রামের মৃত ফজলু শিকদারের মেয়ে। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি সেতারা বেগম আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে জানা যায়, কচুয়া উপজেলার ইউপি সদস্য সেতারা বেগম বক্তারকাঠি গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে মো. চাঁন শেখ ওরফে ইদ্রিস আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি করার জন্য ইট, বালী, রড, সিমেন্ট বাকিতে ক্রয় করেন। পরে সেতারা বেগম ব্যবসায়ী চাঁনকে বাংলাদেশ কৃষি ব্যাংক বাধাল বাজার শাখার ২ লাখ ৬০ হাজার টাকার একটি চেক দেন। কিন্তু চেকটি ব্যাংক থেকে বাতিল হলে চাঁন শেখ তার কাছে পাওনা টাকা চাইলে, তিনি দিতে অস্বীকার করেন। পরে প্রতিষ্ঠানের মালিক মো. চাঁন শেখ ওরফে ইদ্রিস আলী বাদী হয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি সাহা অসীম কুমার ও আসামি পক্ষে আইনজীবী ছিলেন শহিদুল ইসলাম বিপ্লব।

আরও পড়ুন: পাবনায় ট্রাক হেলপারের লাশ উদ্ধার