বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি কোনও ভুল করেনি।’ বুধবার দুপুরে খুলনায় জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামী ১০ মার্চ খালেদা জিয়ার মুক্তি আনন্দোলনে কেন্দ্র নির্ধারিত কর্মসূচি খুলনা বিভাগীয় জনসভা সফল করার জন্য এক মতবিনিময় সভা শেষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, ১০ মার্চ খুলনায় বিএনপিকে জনসভা করার অনুমতি দেয়নি পুলিশ। পুলিশ ক্ষণে ক্ষণে কথার রং পাল্টাচ্ছে। দলীয় কার্যালয়ের রাস্তায় জনসভা করতে চাইলে বলে রাস্তায় জনসভা করা যাবে না। আবার শহীদ হাদিস পার্কে জনসভা করার অনুমতি চাইলে বলে বিএনপি অফিসের সামনে জনসভা করতে। আমরা এখন মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে পাঠিয়ে সার্কিট হাউস মাঠে জনসভা করার অনুমতি চাইবো।
সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।