যশোরে সহপাঠীদের ছুরিকাঘাতে আহত ২ স্কুলছাত্র




যশোরযশোরে সহপাঠীদের ছুরিকাঘাতে রাসেল মাহমুদ (১৪) ও শাকিল রহমান (১৪) নামে দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুমের পাশে এ ঘটনা ঘটে।

আহত রাশেদ মাহমুদ ডাকাতিয়া গ্রামের ইনসার আলীর ছেলে। আর শাকিল রহমান একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দুই জনই ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আহতদের সহপাঠী ইকবাল হোসেন জানান, আহত রাসেলের সঙ্গে একই ক্লাসের ছাত্র জয়ের বিরোধ ছিল। ৩-৪ দিন আগে রাসেল স্কুলমাঠে দাঁড়িয়ে ছিল। এসময় জয় এসে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয়। ওই সময় তাকে থাপ্পড় মারে রাসেল। আজ সকালে রাসেল ক্লাসরুমে ছিল। এসময় জয়, তার বন্ধু নাজমুল, প্লাবন ও সেতু ক্লাসরুম থেকে ডেকে রাসেলকে ছুরি মেরে গুরুতর আহত করে। তখন রাসেলের বন্ধু শাকিল ঠেকাতে গেলে তাকেও ছুরি মেরে আহত করে জয় ও তার সহযোগীরা। পরে সহপাঠীরা মিলে রাসেল ও শাকিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আহত দুই স্কুলছাত্রের মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তবে শাকিল আশঙ্কামুক্ত।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ঘটনাটি এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’