নড়াইলে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার অভিযোগে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া থানা সড়কে ওষুধের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বহালের দাবি জানান।

ভেঙে দেওয়া হচ্ছে দোকান, ডানে মানববন্ধনক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী এস এম জাকির হোসেন ও নাজমা বেগমসহ অন্যরা জানান, প্রায় ২০ বছর যাবত নড়াইলের লোহাগড়া থানা সড়কে তারা ব্যবসা করে আসছেন। এখানে ৬টি ওষুধের দোকান, ইলেকট্রনিক্স দোকান, দন্ত চিকিৎসা কেন্দ্রসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কিন্তু বিনা নেটিশে অতর্কিতভাবে শুক্রবার ভোরে ১২টি দোকান ভেঙে দেওয়া হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশার গোলাম মোরশেদ, মনিরুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট আররাফ হোসেন, সালেক মুন্সী, আরিফ শেখসহ প্রায় ২০ জন অতর্কিত হামলা চালিয়ে তাদের দোকান ভেঙে দেয়। এ সময় দোকান থেকে ওষুধসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেন।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি গোলাম মোরশেদসহ অন্যরা দাবি করে বলেন, ‘ওই ব্যবসায়ীদের আমরা ছয় মাস আগে নোটিশ দিয়েছি। এই জায়গাটি কিছু অংশ লক্ষ্মীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের এবং কিছু অংশ জেলা পরিষদের রয়েছে। মসজিদ মার্কেট নির্মাণের জন্য তাদের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।’